স্বেচ্ছাসেবী সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) তথ্য অনুযায়ী, ২০২০-২৫ সাল পর্যন্ত ছয় বছরে ৩৮ হাজার ৩৫৭টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৪০ হাজার ৬০৫ জন ও আহত ৬৭ হাজার ৩৬৪ জন।
অনলাইন রিপোর্টঃ দেশের সড়কে প্রাণহানি থামছে না। প্রায় সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৫ হাজার ২৫২ জন। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, ত্রুটিপূর্ণ যান ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এর বড় কারণ। এর সঙ্গে বাড়তি ঝুঁকি যোগ করছে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা ও তিন চাকার যান। এসব যানের সংখ্যা দ্রুত বাড়লেও নিবন্ধন, চালকের প্রশিক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে যানজট ও বিশৃঙ্খলার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্বেচ্ছাসেবী সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) তথ্য অনুযায়ী, ২০২০-২৫ সাল পর্যন্ত ছয় বছরে ৩৮ হাজার ৩৫৭টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৪০ হাজার ৬০৫ জন ও আহত ৬৭ হাজার ৩৬৪ জন। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আরো ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ হাজার ৬৪৭ জনের। সব মিলিয়ে এ সময়ে দুর্ঘটনা ঘটেছে ৪৩ হাজার ৪৫০টি।
আরএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। ভ্রমণরত পুরো পরিবারের সদস্যদের মৃত্যুও উদ্বেগজনক।’
তাদের বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ বছর ১০ মাসে প্রায় ৩০০টি পরিবার সড়ক দুর্ঘটনায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
তিন চাকার যানের দুর্ঘটনা বাড়তি উদ্বেগ তৈরি করছে। আরএসএফের তথ্য বলছে, ২০২৫ সালেই অটোরিকশা ও তিন চাকার যানের দুর্ঘটনায় সারা দেশে মারা গেছে ১ হাজার ৩৭৬ জন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এ সংখ্যা ৭ হাজার ৬০৪। এ সময়ে তিন চাকার ১২ হাজারের বেশি যান দুর্ঘটনায় পড়েছে। তবে এ হিসাবে সিএনজিচালিত অটোরিকশাও আছে।
দেশে ব্যাটারিচালিত রিকশা কতটি চলছে, তা নিয়ে একেক সংস্থার হিসাব একেক রকম। আরএসএফের পর্যবেক্ষণে এ সংখ্যা অন্তত ৮০ লাখ, যার ৩০ লাখের বেশি রাজধানীতে। সংস্থাটির মতে, প্রতিদিন নতুন যুক্ত হচ্ছে অন্তত তিন হাজার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ধারণা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ৪৫-৫০ লাখ। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) হিসাবে প্রায় ৬০ লাখ, যার মধ্যে ২০ লাখ ঢাকায় চলে।
সারা দেশে তিন ধরনের ব্যাটারিচালিত যান চলছে। প্রথমটি প্যাডেল রিকশায় ব্যাটারি ও মোটর বসিয়ে তৈরি। দ্বিতীয়টি রিকশার আদলে নতুন বানানো হুডযুক্ত অটোরিকশা। তৃতীয়টি ইজিবাইক। রাজধানীতে অটোরিকশা বেশি চলে।
ঢাকার বাইরে ইজিবাইক ও মফস্বলে ব্যাটারিচালিত ভ্যানের ব্যবহার উল্লেখযোগ্য।
ঢাকার দুই সিটি করপোরেশনে নিবন্ধিত প্যাডেল রিকশা ২ লাখ ২০ হাজারের বেশি। খাতসংশ্লিষ্টদের হিসাবে নিবন্ধনের বাইরে আছে আরো প্রায় ১০ লাখ। প্রচলিত আইনে ব্যাটারিচালিত তিন চাকার যান নিবন্ধনের ব্যবস্থাই নেই। তাই রাজধানীতে কতটি যান্ত্রিক রিকশা চলছে, তার নির্ভরযোগ্য সরকারি হিসাবও নেই। সম্প্রতি সিটি করপোরেশন এলাকার জন্য ই-রিকশা চলাচলের বিধিমালা জারি হয়েছে। তবে এর কার্যকারিতা এখনো দেখার বিষয়।
চালকদের অভিজ্ঞতার ঘাটতিও বড় ঝুঁকি। ‘আরবান মবিলিটি স্টাডি: রিকশা ইন ট্রানজিশন’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, অটোরিকশার ৭৫ শতাংশ চালকের এ ধরনের যান চালানোর অভিজ্ঞতা ছিল না। প্রায় ৬০ শতাংশের অভিজ্ঞতা দুই বছরের কম। অথচ প্যাডেল রিকশাচালকদের গড় অভিজ্ঞতা ১৫ বছর। অনেক চালক ট্রাফিক আইন মানেন না। উল্টো পথে চলা, যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলা এবং ব্যস্ত ফ্লাইওভার বা মহাসড়কের লেনে ওঠার কারণে দ্রুতগতির যানের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। নির্দিষ্ট মানদণ্ড ছাড়াই রিকশা সংযোজন করাও বিপজ্জনক।
গবেষণার জরিপ বলছে, অটোরিকশার ৩০ শতাংশ যাত্রী দুর্ঘটনার শিকার হয়। প্যাডেল রিকশার ক্ষেত্রে এ হার ১৮ শতাংশ। অটোরিকশার দুর্ঘটনায় ৪৪ শতাংশ যাত্রী অত্যন্ত গুরুতর আহত হয়, যা প্যাডেল রিকশার চেয়ে ২৯ শতাংশ বেশি।
আরএসএফ দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনাকে চিহ্নিত করেছে। এছাড়া ত্রুটিপূর্ণ যান, অদক্ষ চালক, দুর্বল সড়ক অবকাঠামো, অনিয়ন্ত্রিত কর্মঘণ্টা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন লঙ্ঘনকে দায়ী করেছে সংস্থাটি। গণপরিবহনে চাঁদাবাজি ও বিআরটিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতিও কারণ হিসেবে এসেছে।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সামছুল হক বলেন, ‘শুধু অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ করা যাবে না। এতে চালকদের ওপর চাপ পড়ে, কিন্তু অবৈধ আমদানিকারক, যন্ত্রাংশ ব্যবসায়ী, বডি নির্মাতা ও তাদের পেছনের প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যান। সমস্যার শেকড়ে পৌঁছতে এসব ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আমদানি ও নির্মাণ নিয়ন্ত্রণ এবং রিকশার সংখ্যা ও চলাচল ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তুলতে হবে।’
সূত্র- বণিক বার্তা