
অনলাইন রিপোর্টঃ রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনার মাধ্যমে যানজট কমাতে ছয় মাসের মধ্যে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পদ্ধতিতে একটি রুটে একাধিক নয়; মাত্র একটি কোম্পানির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী দুই মাসে বাস স্টপেজ নির্ধারণ, লক্কড়ঝক্কড় বাস মেরামত এবং চালকদের মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই সময়ে কয়েকটি রুট চালু করা হবে। এরই মধ্যে ঢাকাকে ৩২টি রুটে বিভক্ত করে সবকটিতে ছয় মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চালু করা হবে। এ পদ্ধতিতে কাউন্টারভিত্তিক যাত্রীসেবা, ই-টিকেটিং ও জিপিএস ট্র্যাকিং থাকবে।
রাজধানীতে একই রুটে একাধিক কোম্পানির বাস চলায় যানজট ও বাসে বাসে অসুস্থ প্রতিযোগিতা হয়। তাই একটি রুটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একটি কোম্পানির বাস চালাতে ২০১৫ সালে কমিটি করে তৎকালীন সরকার। এর আগে ২০০৪ সালে কৌশলগত পরিবহন পরিকল্পনায় (এসটিপি) প্রস্তাব করা ‘বাস ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি’ (বিএফএস) রাজধানীতে চালুর দায়িত্ব দেওয়া হয় কমিটিকে।
২০২১ সালের ডিসেম্বরে রাজধানীর ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত ২৬ নম্বর রুটে পরীক্ষামূলক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চালু করা হয়। বেসরকারি কোম্পানি ট্রান্স-সিলভা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআরটিসি যৌথভাবে তা চালু করে। কাউন্টারভিত্তিক ই-টিকেটিং সেবা ছিল। নির্ধারিত স্টপেজ থেকে টিকিট নিয়ে যাত্রীকে নির্ধারিত স্থানে নামতে হতো। এই রুটের অন্যান্য কোম্পানির বাস একীভূত না হওয়ায় সেবাটি বন্ধ হয়ে যায়। বেহাল পড়ে থাকে কয়েক কোটি টাকায় নির্মিত যাত্রী ছাউনিগুলো।
অন্তর্বর্তী সরকারের সময়েও এই পদ্ধতিতে বাস চালুর প্রচেষ্টা সফল হয়নি বাস মালিকরা সাড়া না দেওয়ায়। তারেক রহমানের সরকার নতুন করে জোর দিয়েছে বাস রুট ফ্র্যাঞ্চাইজিতে। ইতোমধ্যে সম্ভাব্য ৩২টি রুট নির্ধারণ করেছে ঢাকা পরিবহন কর্তৃপক্ষ (ডিটিসিএ)। গত ৩০ সেপ্টেম্বর মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, সংস্থাটি রুটভিত্তিক বাসের সংখ্যা, পরিচালনাকারী কোম্পানি, কাউন্টার, ডিপো ও লে-ওভার পার্কিং নির্ধারণের পাশাপাশি বাসের জন্য নির্দিষ্ট ও ন্যূনতম মানদণ্ডের পরিকল্পনা তুলে ধরে।
গতকাল সচিবালয়ে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, পরিবহন মালিক নেতাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিবহন খাতের নিয়ন্ত্রক হলেও বাস চলাচলের রুট কী হবে, কত বাস চলবে, তা নির্ধারণ করে আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি)। ঢাকায় এর সভাপতি মহানগর পুলিশ কমিশনার।
সড়ক পরিবহন মালিক সমিতির হিসাবে রাজধানীতে বাস কোম্পানির সংখ্যা ১২০। চলাচলের অনুমোদন রয়েছে সাত হাজারের বেশি বাসের। অধিকাংশ রুট এবং কোম্পানি বাস্তবে নেই। আবার একই রুটে আট-দশটি পর্যন্ত কোম্পানির বাস চলে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পদ্ধতিতে বিদ্যমান রুটগুলোতে যেসব কোম্পানির বাস চলছে, সেগুলোকে একীভূত করে একটি কোম্পানি গঠন করা হবে। বিনিয়োগের অনুপাতে বাস মালিকরা মুনাফা পাবেন। চালক-শ্রমিকরা চুক্তিতে নয়, কোম্পানির মাসিক বেতনভুক্ত হবেন। বাসগুলো নির্ধারিত সময়ে ছাড়বে; নির্ধারিত স্থানে দাঁড়াবে ও যাত্রী তুলবে। কেউ কাউকে ওভারটেক করতে পারবে না।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে ডিটিসিএর নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মশিউর রহমান জানান, ঢাকায় অনুমোদিত ৪১৮টি বাস রুটের মধ্যে বর্তমানে ৯৮টি সচল। এসব রুটে ৬৬টি কোম্পানির প্রায় সাড়ে সাত হাজার বাস চলছে। এগুলোকে ঢেলে সাজিয়ে ৩২টি রুট করতে চায় ঢাকা পরিবহন কর্তৃপক্ষ।
বৈঠকে অংশ নেওয়া সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম সমকালকে বলেন, আগামী দুই মাসে রুট নির্ধারণ করা হবে। এসব রুটে বাসের স্টপেজ ঠিক করা হবে। যাত্রীসেবার মান বৃদ্ধিতে যত লক্কড়ঝক্কড় বাস রয়েছে, সেগুলো মেরামত করতে হবে। যেসব বাসের আয়ুষ্কাল রয়েছে, সেগুলো চলবে। অন্যগুলো উচ্ছেদ হয়ে যাবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন– দুই মাসে কয়েকটি রুট চালু করা হবে। ছয় মাসের মধ্যে পুরো পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। তা বাস্তবায়নে পরিবহন মালিকরা রোববার থেকে কাজ শুরু করবেন।
সভায় আলোচনা হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে ঠিক করা হবে কোন দুটি রুটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা চালু হবে। বাসে ফিটনেস, শৃঙ্খলা ও আইন মেনে চলার বিষয়টি তারাই নিশ্চিত করবেন।
সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সভায় জানান, গত ২৮ সেপ্টেম্বর তিনি বাস কোম্পানিগুলোর মালিক ও সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দুই মাসের মধ্যে প্রস্তাবিত ৩২টি রুটে বাস চলাচল শুরু করা সম্ভব। ছয় মাসের মধ্যে নিয়ন্ত্রিত ফ্র্যাঞ্চাইজি সেবা চালু হতে পারে।
ঢাকা পরিবহন কর্তৃপক্ষ সমীক্ষার ভিত্তিতে রুট পুনর্বিন্যাসের এ পরিকল্পনা তৈরি করেছে। ৫২টি স্থানে টানা ৭২ ঘণ্টা যানবাহন গণনা করা হয় এতে।
২০২১ সালেও দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বাধীন কমিটি ‘বাস রুট রেশনালাইজেশন’ করে উন্নত দেশের মতো ‘বাস ফ্র্যাঞ্চাইজি সিস্টেম (বিএফএস)’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছিল। তখন পরিকল্পনা ছিল ২৪৬টি কোম্পানিকে একীভূত করে ছয়টি ফ্র্যাঞ্চাইজি কোম্পানি গঠন করা হবে। প্রত্যেক কোম্পানির বাসের রং হবে ভিন্ন। ২৭৮ রুটকে পুনর্বিন্যাস করে ২২ রুট নির্ধারণ করা হবে। গ্রিন ক্লাস্টারে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মোহাম্মদপুর, মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত বাস চালুও হয়েছিল।
সোর্স- সমকাল। ছবি- পিএমও অফিস, ডেইলি স্টার এর সৌজন্য।