1. admin@paribahanbarta.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নভেম্বর থেকে ঢাকায় নতুন নিয়ম, এক রুটে চলবে এক কোম্পানির বাস ছাড়তেই উধাও হয়ে যায় টিকিট, এবার এজেন্সি বদলাচ্ছে রেলওয়ে রিয়াদ ও দাম্মাম গামী শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ৮৮টি লাইটার জাহাজের সনদ স্থগিত, ছোট জাহাজ সংকটে বেড়েছে বড় জাহাজের অপেক্ষা প্রগতি সরণির ৮ কিলোমিটারজুড়ে খোঁড়াখুঁড়ি ২৫ মিনিটের পথ যেতে লাগছে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’ সেবা, ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য বাইকের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ সৌদির সঙ্গে সরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা ২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত যাবে মহানগর এক্সপ্রেস, যুক্ত থাকছেন মধ্যবর্তী জেলার যাত্রীরা

নভেম্বর থেকে ঢাকায় নতুন নিয়ম, এক রুটে চলবে এক কোম্পানির বাস

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

অনলাইন রিপোর্টঃ রাজধানীর সড়কে একই পথে একাধিক কোম্পানির বাসের প্রতিযোগিতা, যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানো এবং নির্ধারিত স্টপেজ না মানার চিত্র দীর্ঘদিনের। এসব অনিয়মের কারণে যানজটের পাশাপাশি গণপরিবহনে বিশৃঙ্খলাও বেড়েছে। পরিস্থিতি বদলাতে এবার ‘এক রুট, এক কোম্পানি’ নীতিতে বাস পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১ নভেম্বর থেকে রাজধানীর ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস পরিষেবা।

নতুন ব্যবস্থায় একই রুটে একাধিক কোম্পানির পরিবহনের পরিবর্তে একটি কোম্পানির অধীনে সমন্বিতভাবে বাস পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে পাঁচটি নন-এসি ও একটি এসি রুটে এই কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। সর্বশেষ সিদ্ধান্তে সাধারণ বাস রুট ছয়টি এবং সার্কুলার রুট তিনটি নির্ধারণ করা হয়েছে। সার্কুলার রুটে বাস চালু হতে আরও দুই মাস সময় লাগবে। এসব রুটে নতুন বাস দিয়ে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ঢাকা মহানগরীতে বাস রুট রেশনালাইজেশন বিষয়ক বৈঠকের নথি থেকে এসব তথ্য জানা গেছে। বৈঠকে বাসের রুট, পরিচালনাকারী প্রতিষ্ঠান, বাসের সংখ্যা ও স্টপেজ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত হয় গত ১৮ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে সাধারণ ছয়টি রুটে ‘এক রুট, এক কোম্পানি’ ভিত্তিতে বাস চলাচল শুরু হবে। সার্কুলার বাস চালু হতে আরও দুই মাস সময় লাগবে। এসব রুটে নতুন বাস দিয়ে সেবা দেওয়া হবে।

কোন রুটে কোন কোম্পানি

প্রথম পর্যায়ে প্রস্তাবিত ৩২টি প্রধান বাস রুটের মধ্যে ছয়টি এবং ২৫টি সার্কুলার রুটের মধ্যে পাঁচটি রুট চিহ্নিত করা হয়েছিল। প্রাথমিক তালিকায় ছয়টি সাধারণ বাস রুট ছিল– গাজীপুর চৌরাস্তা-ঢাকেশ্বরী মন্দির, গাবতলী-ডেমরা, দুয়ারীপাড়া-সদরঘাট, ঘাটারচর-ডেমরা, ঘাটারচর-কাঁচপুর এবং মিরপুর-১২-মাওয়া।

এ ছাড়া পাঁচটি প্রধান সার্কুলার বাস রুট ছিল– ফার্মগেট-পলাশী, মোহাম্মদপুর-পলাশী, কদম চত্বর-পঞ্চবটি, গুলশান-২-আমতলী এবং গুলশান-১-আমতলী। তবে সর্বশেষ সিদ্ধান্তে সাধারণ রুট ছয়টি এবং সার্কুলার রুট তিনটি রাখা হয়েছে।

গাজীপুর চৌরাস্তা-ঢাকেশ্বরী মন্দির : শিববাড়ী থেকে টঙ্গী, বিমানবন্দর, মহাখালী, মানিক মিয়া অ্যাভিনিউ ও নিউমার্কেট হয়ে বাস চলবে। এ রুটে ভিআইপি পরিবহন ও বিকাশ পরিবহনের বাস ‘ভি.আই.পি পরিবহন’ কোম্পানির আওতায় পরিচালিত হবে। বাসের সংখ্যা ২৫৩টি।

মিরপুর-কেরানীগঞ্জ : চিড়িয়াখানা, মিরপুর-১, কল্যাণপুর, কলাবাগান, শাহবাগ, জিরো পয়েন্ট ও বাবুবাজার হয়ে বাস চলবে। এ রুটে দিশারী পরিবহন, তানজিল পরিবহন ও মেট্রো লিংক ‘চিড়িয়াখানা সিটি বাস’ কোম্পানির আওতায় চলবে। বাসের সংখ্যা ১৩৩টি।

ঘাটারচর-ডেমরা : মোহাম্মদপুর, জিগাতলা, মৎস্য ভবন, রাজমনি, মৌচাক, রামপুরা ও বনশ্রী হয়ে বাস চলবে। এ রুটে ‘রমজান আলী এন্টারপ্রাইজ’ কোম্পানির অধীনে ৭০টি বাস পরিচালিত হবে।

ঘাটারচর-কাঁচপুর : মোহাম্মদপুর, জিগাতলা, শাহবাগ, পল্টন, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার, মাতুয়াইল ও সাইনবোর্ড হয়ে বাস চলবে। এ রুটে রজনীগন্ধ্যা পরিবহন, মালঞ্চ পরিবহন, সময় পরিবহন ও মিডলাইন পরিবহনের বাস ‘ফোর স্টার বাস লাইন’ কোম্পানির আওতায় চলবে। বাসের সংখ্যা ১৫০টি।

ঘাটারচর-ধউর : মোহাম্মদপুর, আসাদগেট, টেকনিক্যাল, মিরপুর-১, মিরপুর-১০, কালশী, বিমানবন্দর ও আব্দুল্লাহপুর হয়ে বাস চলবে। এ রুটে পরিস্থান পরিবহন ও প্রজাপতি পরিবহনের বাস ‘পিএনপি সিটি সার্ভিস’ কোম্পানির আওতায় পরিচালিত হবে। বাসের সংখ্যা ১৯০টি।

টঙ্গী-ঢাকেশ্বরী : কলেজগেট, আব্দুল্লাহপুর, বিমানবন্দর, এক্সপ্রেসওয়ে, ফার্মগেট, আসাদগেট, সায়েন্স ল্যাব ও আজিমপুর হয়ে বাস চলবে। এ রুটে ‘ঢাকা চাকা’ কোম্পানির অধীনে ২০টি বাস চলাচল করবে।

সার্কুলার তিন রুট

সর্বশেষ পরিকল্পনায় তিনটি সার্কুলার বাস রুট চিহ্নিত করা হয়েছে। এসব রুটে নির্দিষ্ট পথে বাস চালিয়ে বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ সহজ করার পরিকল্পনা রয়েছে।

ফার্মগেট-পলাশী : পান্থপথ সিগন্যাল, সেন্ট্রাল রোড, সায়েন্স ল্যাব, নিউমার্কেট ও আজিমপুর হয়ে বাস চলাচল করবে। এ রুটে ‘ঢাকা চাকা’ বাস কোম্পানি অনুমোদন পেয়েছে। বাসের সংখ্যা ২০টি।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-পলাশী : আসাদগেট, ধানমন্ডি-২৭, কলাবাগান, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, পলাশী, নিউমার্কেট, জিগাতলা ও শংকর হয়ে বাস মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌঁছাবে। এ রুটেও ‘ঢাকা চাকা’ বাস কোম্পানি অনুমোদন পেয়েছে। বাসের সংখ্যা ২০টি।

কদম চত্বর-পঞ্চবটি : জমজম টাওয়ার, হাউজ বিল্ডিং, সুইচ গেট, কামারপাড়া, খালপাড়, মেট্রোরেল ডিপো, নর্থ স্টেশন ও সেন্ট্রাল স্টেশন হয়ে বাস পঞ্চবটিতে পৌঁছাবে। এ রুটে ‘উত্তরা চাকা’ বাস কোম্পানি অনুমোদন পেয়েছে। বাসের সংখ্যা ২০টি।

এ ব্যবস্থায় যানজট তেমন কমবে না, প্রয়োজন আরও যেসব উদ্যোগ

নতুন ব্যবস্থায় শুধু বাস পরিচালনা নয়, স্টপেজ ও সড়কের শৃঙ্খলা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিএমপি ও দুই সিটি করপোরেশনকে বাসস্টপেজ চিহ্নিত করা, টিকিট কাউন্টার স্থাপন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ডিটিসিএ।

তবে শুধু রুট নির্ধারণ বা কোম্পানি গঠন করলেই যানজট কমবে না। নির্ধারিত স্টপেজে বাস থামানো, পরিবহন কোম্পানিগুলোর মধ্যে সমন্বয়, সড়কে আইন প্রয়োগ এবং যাত্রীদের জন্য সুশৃঙ্খল সেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। আগামী ১ নভেম্বর ছয়টি সাধারণ রুটে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে নতুন ব্যবস্থার বাস্তব প্রয়োগ শুরু হবে।

‘এক রুট, এক কোম্পানি’ ব্যবস্থা চালুর পাশাপাশি বাসস্টপেজ নির্ধারণ, টিকিট কাউন্টার স্থাপন ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা সরানো এবং বিশৃঙ্খলভাবে চলাচলকারী বাসের বিরুদ্ধে অভিযানও পরিকল্পনার অংশ। পরিবহন বিশেষজ্ঞদের মতে, শুধু কোম্পানি নির্ধারণ করলেই যানজট কমবে না; নির্ধারিত রুটে অন্য বাসের চলাচল নিয়ন্ত্রণ এবং সড়কে আইন প্রয়োগও প্রয়োজন। বাস চলাচলে সিগন্যালে অগ্রাধিকারসহ সমন্বিত পদক্ষেপ নেওয়া গেলে নতুন ব্যবস্থার সুফল পাওয়ার সম্ভাবনা বাড়বে।

সূত্র ও ছবি- ঢাকা পোস্ট

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park