1. admin@paribahanbarta.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

৫৬ মাসে শেষ হয়েছে বঙ্গবন্ধু টানেল এর নির্মাণ কাজ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

অনলাইন ডেক্স: ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি কাজ শুরু হয়েছিল বঙ্গবন্ধু টানেলের। প্রায় সাড়ে ৪ বছরের বেশি সময় বা ৫৬ মাস পর বাস্তবে রূপ পেল সেই স্বপ্নযাত্রা।

শনিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে দ্বার খুলছে দেশের এ মেগা প্রকল্পের।
খরস্রোতা কর্ণফুলীর তল ছুঁয়ে টানেল নির্মাণের ফলে পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে- তা অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বঙ্গোপসাগর তীরের উপজেলা আনোয়ারাবাসীর।

শুধু আনোয়ারা নয় দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়েছে।
শিল্পকারখানার কাঁচামাল, প্রস্তুতকৃত মালামাল চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পরিবহন প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি কর্ণফুলীর পূর্বপ্রান্তের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপনে পর্যটনশিল্প বিকশিত হবে।

এ প্রকল্প বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। টানেল নির্মাণে আগ্রহ দেখানো চীন হঠাৎ করে বেঁকে বসে প্রকল্প বাস্তবায়নে। প্রধানমন্ত্রীর কূটনৈতিক দূরদর্শীতায় রাজি হয় চীন সরকার। করোনা, বিশ্বমন্দাসহ প্রতিবন্ধকতাও থামিয়ে রাখতে পারেনি দেশের এই মেগা প্রকল্পের কাজ। তাই দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে নির্মিত একমাত্র টানেল আজ বাস্তব।

নদীর তলদেশে টানেল নির্মাণে প্রকৌশলগত অনেক সমস্যার সম্মুখিন হতে হয়েছে প্রকৌশলীদেরও। বিদেশি প্রকৌশলীদের পাশাপাশি এ প্রকল্পে যুক্ত ছিলেন দেশের ৪৪ জন প্রকৌশলী। যারা প্রতিনিয়ত কাজ করেছেন প্রকল্প বাস্তবায়নে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন কাজে শ্রমিকদের আনা হয়েছিল। প্রথম দিকে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেছে। শেষ সময়ে চিনের প্রায় ৭০০-৮০০ জন টানেল নির্মাণে কাজ করেছিল।

সাধারণত শক্ত মাটিতে বোরিং করা সহজ হলেও, মাটির ভিন্নতার কারণে বোরিংয়ে চ্যালেঞ্জ নিতে হয়েছে তাদের। ফলে টানেলের প্রথম টিউবের কাজ শেষ করতে সময় লাগে প্রায় ১৭ মাস। কিন্তু মাত্র ১০ মাসেই শেষ হয় দ্বিতীয় টিউবের কাজ।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, ০.২২ জি (ভূমিকম্প মাপার একক) থেকে ০.২৮ জি মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারবে টানেলের অবকাঠামো। রিখটার স্কেলে এর মাত্রা সাড়ে ৭। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় টানেলের দুই টিউবের দুই প্রান্তে দুটি করে চারটি ফ্লাড গেট বন্ধ রাখা হবে। এতে টানেলের ভেতরে পানি ঢুকতে পারবে না।

টানেল নির্মাণে ব্যয় হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা।

সূত্র ও ছবিঃ বাংলানিঊজ২৪

এ জাতীয় আরও খবর
Copyright © 2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park